চবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিকস: পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদী, পানি বণ্টন, ক্ষমতার ভারসাম্য ও ভূরাজনীতিতে পানির প্রভাব নিয়ে সেমিনারে আলোচনা করেন শিক্ষক, সাংবাদিক ও গবেষকরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স কক্ষে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকত আলী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগের মুহাম্মদ তানবীরুল ইসলাম। এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান শামসুদ্দিন ইলিয়াস উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের মুহাম্মদ তানবীরুল ইসলাম। তিনি বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম নদীবহুল অঞ্চল। এ অঞ্চলের নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়; অর্থনীতি, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি পরিকল্পনা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। হিমালয়ের তুষারাচ্ছাদিত পর্বতমালা থেকে উৎপন্ন অসংখ্য নদী ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু ও তিস্তাসহ এসব নদী এ অঞ্চলের কৃষি, জীবিকা, সংস্কৃতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ কোনো রাষ্ট্রীয় সীমানা অনুসরণ করে না। ফলে একটি নদী যখন একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন পানি শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে সীমাবদ্ধ থাকে না; তা কূটনীতি, অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার পানির রাজনীতি বা হাইড্রোপলিটিকস বুঝতে শুধু কোন দেশ কতটুকু পানি পাবে বা নিয়ন্ত্রণ করবে—এ প্রশ্ন যথেষ্ট নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নদীর উজান-ভাটির ভৌগোলিক অবস্থান, পানির প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা, প্রযুক্তিগত সুবিধা, তথ্যের প্রাপ্যতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। সবকিছু মিলেই নির্ধারণ করে একটি রাষ্ট্রের দর-কষাকষির সক্ষমতা।
রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক বলেন, ভারতের নীতিতে পানির মতো প্রাকৃতিক সম্পদ হাইড্রোপলিটিকসের অংশ হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ায় পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনার বিষয়টি তাই আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক বলেন, ভারত রবীন্দ্রনাথসহ যেসব লেখক অসাম্প্রদায়িকতার চর্চার কথা বলেছেন, সেই অবস্থান থেকে সরে গিয়ে ক্রমেই উগ্রবাদী ও বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। তারা পানির মতো একটি প্রাকৃতিক সম্পদকেও হাইড্রোপলিটিকসের অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ফারাক্কা বাঁধ, গঙ্গা ও তিস্তার পানি সমস্যা নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মাওলানা ভাসানীর আন্দোলনের সময় থেকেই এসব বিষয় আমাদের নাড়া দেয়। অথচ দেশের আমলারা ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে পানি সম্পদ নিয়ে যথাযথভাবে ভাবছেন না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও নিজেদের অধিকার ও স্বাধিকার রক্ষায় সিদ্ধান্ত নেওয়া জরুরি। গঙ্গা ও তিস্তার পানি ব্যবস্থাপনার কারণে ক্ষতি মোকাবিলায় বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সবসময় সচেতন থাকার আহ্বান জানাই।