× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসকাণ্ডের জেরে ইবিতে ফের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১১

ইবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ পিএম

বাসকাণ্ডের জেরে ইবিতে ফের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারির ঘটনাকে কেন্দ্র করে ফের আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইসিটি বিভাগের তিন শিক্ষক ও শিক্ষার্থীসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলার করিডোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী বিশ্ববিদ্যালয়ের একটি ডাবল ডেকার বাসে উচ্চস্বরে কথাবার্তা বলাকে কেন্দ্র করে আইসিটি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং বাংলা বিভাগের রিয়াজুল ইসলাম হৃদয় ও তার বন্ধুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আইসিটি বিভাগের এক শিক্ষার্থী সামান্য আহত হন। অন্যদিকে বাংলা বিভাগের রিয়াজুল ইসলাম তার নাক ফেটে যায় বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনার জেরে বুধবার দুপুরে দুই বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে সমঝোতা সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। তবে সভা শেষে প্রক্টর অফিস থেকে নিচে নামার পর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সভায় বিভাগটির মাত্র আট শিক্ষার্থী ও তিন শিক্ষক উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলা বিভাগের প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী প্রক্টর অফিসের নিচে জড়ো হন। সভা শেষে নিচে নামার পর বাংলা বিভাগের শিক্ষার্থীরা আইসিটি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, শিক্ষার্থীদের রক্ষা করতে আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ, অধ্যাপক ড. শরীফুল ইসলাম ও অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় আইসিটি বিভাগের আবু সাঈদসহ আট শিক্ষার্থী আহত হন। পরে আবু সাঈদকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র-নজরুল কলা ভবনে গিয়ে জড়ো হন। পরে তারা আবার হামলার উদ্দেশ্যে বের হওয়ার চেষ্টা করলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান ও অধ্যাপক ড. রশিদুজ্জামান তাদের নিবৃত্ত করেন বলে জানা গেছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

এদিকে ঘটনার পর বাংলা বিভাগের পক্ষ থেকে জরুরি একাডেমিক সভা আহ্বান করা হয়েছে। সভায় ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বিভাগটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ আইসিটি বিভাগের শিক্ষার্থীদের দুই ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। এ সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা