ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুষ্টিয়াগামী ডাবল ডেকার বাসে উচ্চস্বরে কথাবার্তা বলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাংলা বিভাগের দুই শিক্ষার্থী ও আইসিটি বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ‘গোধূলি’ নামে বাসটি কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় ও একই বিভাগের মো. বাপ্পী এবং আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাস থেকে বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার পর বাসের ওপরতলায় আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বরে কথাবার্তা বলছিলেন। এতে কয়েকজন শিক্ষার্থী বিরক্তি প্রকাশ করেন। জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় বাংলা বিভাগের শিক্ষার্থী বাপ্পী তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একে অপরের শিক্ষাবর্ষ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে দুই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে তাঁদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’