ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম
মোস্তফা মামুন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়মিত সংবাদপত্র পড়ার আহ্বান জানিয়েছেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন।
তিনি বলেছেন, সংবাদপত্র পড়ার অভ্যাস জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বাড়াতে সহায়তা করে। এমনকি নিয়মিত পত্রিকা পড়লে ভবিষ্যতে মন্ত্রীও হওয়া সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মোস্তফা মামুন বলেন, “আমাদের বাণিজ্যমন্ত্রী আমার সঙ্গে ক্যাডেট কলেজে নিয়মিত পত্রিকা পড়তেন। তোমরাও পত্রিকা পড়লে মন্ত্রী হতে পারবে”।
তিনি বলেন, “সিলেটের আঞ্চলিকতা কিংবা সংস্কৃতি কোনো প্রতিবন্ধকতা নয়; বরং এটি সিলেটবাসীর আত্মপরিচয়ের অংশ। নিজের আঞ্চলিক পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, সিলেটের যে সম্ভাবনাময় পর্যটন খাত রয়েছে, সেটি দেশবাসীর কাছে সিলেটের মানুষেরই আরও ভালোভাবে তুলে ধরতে হবে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলী মোহাম্মদ কায়সার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদীন চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।