মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৮ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ড্রেন পরিষ্কারের সময় মিলন নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে শহিদ আবরার ফাহাদ হলের ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মী মিলন। এ সময় ড্রেনের ভেতর থেকে হঠাৎ একটি সাপ বের হয়ে তার হাতে দংশন করে। তিনি চিৎকার করলে আশপাশে থাকা শ্রমিক ও হলের দায়িত্বশীলরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহিদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট ড. মো. রাশেদুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই আমরা তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড় ও জলাশয়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝোপঝাড় ও জলাশয় দ্রুত পরিষ্কার করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।