গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম
গোবিপ্রবি আইন বিভাগের শিক্ষার্থী দেবব্রত ভট্টাচার্য্য।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন দেবব্রত ভট্টাচার্য্য। মা ও বোনকে নিয়ে কঠিন বাস্তবতার মধ্যেই বেড়ে ওঠা দেবব্রতর শৈশবের স্বপ্ন ছিল চিকিৎসক বা প্রকৌশলী হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল না হয়ে পরে আইনকে পেশা হিসেবে বেছে নেন তিনি। সেই পথেই প্রথমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশ নিয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে দেখা যায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবব্রতসহ বিশ্ববিদ্যালয়টির আরও চার শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
দেবব্রত জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর দ্বিতীয় বর্ষে বিচার বিভাগ সম্পর্কে জানতে পেরে বিচারক হওয়ার স্বপ্ন জাগে তার। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিজেএসের প্রস্তুতিও চালিয়ে যান। প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। এলএলএম শেষ হওয়ার আগেই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে সাফল্য অর্জন করেন।
সাফল্যের পেছনে মায়ের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তৃতীয় শ্রেণিতে বাবাকে হারানোর পর মায়ের সংগ্রামই ছিল আমার মূল শক্তি। শিক্ষক ও বন্ধুদের সহযোগিতাও আমাকে সাহস জুগিয়েছে।