গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯ পিএম
গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে ঢুকে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দুই বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। আটক দুজনের মধ্যে একজন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের দিকে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে দুই বহিরাগতকে সন্দেহজনক আচরণ করতে দেখে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে তারা দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান। আটক ব্যক্তিদের মধ্যে একজন মগবাজারের একটি ওয়ার্কশপে কাজ করেন। অন্যজন নিজেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কনক চন্দ্র রায় বলেন, দুপুরে দুই বহিরাগত ইইই বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। এর আগেও তারা রাস্তাঘাট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় ইইই বিভাগের শিক্ষার্থীরা দুই বহিরাগতকে আটক করেন।
তিনি বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেয়। আমরা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে সাভার ও আশুলিয়া থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ে আসেন। আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় দুই বহিরাগতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রক্টর আরও বলেন, ভুক্তভোগী ও তার ভাইকে আশুলিয়া থানায় অভিযোগ করতে বলা হয়েছে। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।