ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে তিনটি ছাত্রী হল—জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ও খালেদা জিয়া হল। অন্যটি ছাত্রদের শহীদ আনাস হল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, শহীদ আনাস হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম। পূর্ববর্তী প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদেরের মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হওয়ায় ৩০ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জুলাই-৩৬ হলের নতুন প্রভোস্ট হয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মোছা. হামিদা খাতুন। পূর্ববর্তী প্রভোস্ট আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক ছিদ্দিকীর মেয়াদ শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান। পূর্ববর্তী প্রভোস্ট আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এ. কে. এম. রাশেদুজ্জামানের মেয়াদ শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে তাকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দ। পূর্ববর্তী প্রভোস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনের মেয়াদ শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী প্রভোস্টদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।