বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপকসহ তিন শিক্ষককে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী দুই বছরের জন্য তাদের এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মনোনীত জাবির দুই শিক্ষক হলেন—‘প্রথিতযশা ব্যক্তি’ ক্যাটাগরিতে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং ‘বিশিষ্ট অধ্যাপক’ ক্যাটাগরিতে ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।
এ ছাড়া ‘বিশিষ্ট অধ্যাপক’ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানকেও একই মেয়াদে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ), ২৪(১)(ঙ) ও ২৪(৩) ধারার বিধান অনুযায়ী ‘বিশিষ্ট অধ্যাপক’ ও ‘প্রথিতযশা ব্যক্তি’ ক্যাটাগরিতে ওই তিন শিক্ষককে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য করা হলো।