শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠ দেন না, অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার পথও দেখান। তার হাত ধরেই গড়ে ওঠে একটি প্রজন্ম, তৈরি হয় ভবিষ্যতের সমাজ। সেই মানুষগুলোর অবদান ও মর্যাদাকে স্মরণ করতেই আগামী ৫ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হবে ‘বিশ্ব শিক্ষক দিবস’। এবারের এই ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার প্রদান করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে”।
শিক্ষামন্ত্রী বলেন, “জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে”।
সভায় চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “খাতা মূল্যায়নে কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
খাতা মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে পরীক্ষার ফলাফল সরাসরি যুক্ত থাকায় খাতা মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় কাজ করছে। নিয়োগপত্র ইস্যুর আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে”।
এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও রকিবুল ইসলাম বকুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।