প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম
সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ। ফাইল ছবি
সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক বুলবুল আহমেদ। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩২(১) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের উপসচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য অধ্যাপক বুলবুল আহমেদকে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
এদিকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক বুলবুল আহমেদকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম তারিক ইকবাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. মোস্তফা হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদা এবং অর্থ পরিচালক মো. মেসবাউল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, অডিট বিভাগের পরিচালক মো. তারেক মাহমুদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সিআরটিসির অতিরিক্ত পরিচালক মো. আবু হানিফ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান নাহিদ হাসান উপস্থিত ছিলেন।