মাহরিব বিন মহসিন, ঢাবি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ফাইল ছবি
উচ্চশিক্ষার জন্য একসঙ্গে অনেক শিক্ষক বিদেশে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি বিভাগে তৈরি হয়েছে শিক্ষক সংকট। কোনো কোনো বিভাগে মোট শিক্ষকের প্রায় অর্ধেক দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে দেশের বাইরে থাকায় সীমিত জনবল দিয়ে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালাতে হচ্ছে। কোথাও আবার অন্য বিভাগ থেকে গেস্ট ফ্যাকাল্টি এনে ক্লাস নেওয়া হচ্ছে।
শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ হলেও একই সময়ে একটি বিভাগের শিক্ষকের বড় অংশের বাইরে থাকায় শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা তত্ত্বাবধান ও একাডেমিক গাইডেন্সে ঘাটতি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি বিভাগ থেকে একসঙ্গে কতজন শিক্ষক শিক্ষা ছুটিতে যেতে পারবেন, সে বিষয়ে আরও সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাবির ওয়েবসাইট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে মোট শিক্ষক ২৪ জন। এর মধ্যে ১৫ জন, অর্থাৎ ৬২ দশমিক ৫ শতাংশ শিক্ষক বর্তমানে বিভিন্ন কারণে বিভাগের নিয়মিত কার্যক্রমের বাইরে রয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক উচ্চশিক্ষার জন্য ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে বিভাগটির নিয়মিত একাডেমিক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।
শুধু ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ নয়। আবহাওয়া বিজ্ঞান, অপরাধবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, ইংরেজি ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংসহ আরও কয়েকটি বিভাগেও শিক্ষক সংকটের চিত্র রয়েছে। উচ্চশিক্ষা, বদলি, লিয়েন এবং বিভিন্ন প্রশাসনিক বা অন্যান্য কারণে এসব বিভাগের অনেক শিক্ষক নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রমে যুক্ত নেই। ফলে কোনো কোনো ক্ষেত্রে বিভাগগুলোকে গেস্ট ফ্যাকাল্টির ওপর নির্ভর করতে হচ্ছে।
উচ্চশিক্ষার জন্য ছুটিতে যেতে কী নিয়ম
বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী, কোনো শিক্ষক বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য যেতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা ছুটি নিতে হয়। শিক্ষা ছুটি অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ এবং শেষ পর্যন্ত সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন হয়।
২০২১ সালের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য ঢাবি শিক্ষকদের শিক্ষা ছুটির মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে স-বেতনে পাঁচ বছর ও অবৈতনিক আরও এক বছর করা হয়। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মাস্টার্সসহ পিএইচডি সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে পাঁচ বছর বা তার বেশি সময় প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে চলতি বছরের ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ‘লিয়েন সংক্রান্ত নীতিমালা, ২০২৪’ অনুমোদনের বিষয়ে নোটিস প্রকাশ করেছে। অর্থাৎ উচ্চশিক্ষা বা অন্য প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষা ছুটির পাশাপাশি লিয়েনের বিষয়েও বিশ্ববিদ্যালয়ের পৃথক নীতিমালা রয়েছে।
তবে প্রকাশ্য নীতিমালা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, একটি বিভাগে মোট শিক্ষকের কত শতাংশ একই সময়ে শিক্ষা ছুটিতে যেতে পারবেনÑ এমন কোনো নির্দিষ্ট শতাংশসীমা প্রকাশ করা হয়নি। ফলে কোনো বিভাগে অর্ধেকের বেশি শিক্ষক দীর্ঘমেয়াদি ছুটিতে থাকলেও সেটি অনুমোদনের ক্ষেত্রে বিভাগটির শিক্ষক সংখ্যা ও একাডেমিক কার্যক্রমের ওপর কী ধরনের নির্দিষ্ট সীমা প্রয়োগ করা হয়, তা স্পষ্ট নয়।
ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা
বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার মান বাড়াতে শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ অব্যাহত রাখা জরুরি। তবে একসঙ্গে বিভাগের বড় অংশের শিক্ষক দীর্ঘদিন বাইরে থাকলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। তাই প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করে জনবল পরিকল্পনা করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষকরা শিক্ষা ছুটি, লিয়েন বা অন্যান্য অনুমোদিত ছুটি নিতে পারেন। তবে একই সময়ে একটি বিভাগের কতজন শিক্ষক ছুটিতে যেতে পারবেন, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। কারণ একসঙ্গে বেশি সংখ্যক শিক্ষক ছুটিতে গেলে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, একজন অভিজ্ঞ শিক্ষক ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক গাইডেন্স, গবেষণা, এমফিল-পিএইচডি তত্ত্বাবধান এবং বিভিন্ন ধরনের একাডেমিক সহায়তার সঙ্গে যুক্ত থাকেন। এসব ক্ষেত্রে গেস্ট বা পার্টটাইম শিক্ষক দিয়ে সাময়িকভাবে ক্লাস পরিচালনা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে তারা স্থায়ী শিক্ষকের বিকল্প হতে পারেন না।
গেস্ট শিক্ষক দিয়ে কতটা সামাল দেওয়া যাচ্ছে
ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান ড. আবুল খায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের উচ্চশিক্ষা, বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি করার বিষয়ে উৎসাহিত করা হয়। শিক্ষকরা চাকরিতে যোগদানের পর থেকেই উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ পেয়ে থাকেন এবং এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত চর্চার অংশ। তবে একসঙ্গে অনেক শিক্ষক উচ্চশিক্ষার জন্য চলে গেলে একাডেমিক কার্যক্রমে অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশেষ করে অভ্যন্তরীণ কোর্সের লোড বেড়ে যায় এবং যেসব শিক্ষক বিভাগে থাকেন, তাদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে সেই ঘাটতি সামাল দিতে হয়।
তার ভাষ্যমতে, এ ধরনের ছুটি মূলত শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্যই দেওয়া হয়। শিক্ষকরা ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আবার দায়িত্ব পালন করেন। তাই একদিকে শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে বিভাগের একাডেমিক কার্যক্রম সচল রাখাÑ এই দুই বিষয়কে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
শিক্ষক নিয়োগে বিকল্প পরিকল্পনা প্রণয়ন জরুরি
অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন, কোনো বিভাগে নিয়মিতভাবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক দীর্ঘ সময় বাইরে থাকলে সেই বাস্তবতার ভিত্তিতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে সমন্বয়ের মাধ্যমে এমন ব্যবস্থা করা সম্ভব হলে শিক্ষকদের উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমÑ উভয়ই সচল রাখা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, কোনো শিক্ষক উচ্চশিক্ষার সুযোগ পেলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা ছুটির আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সুপারিশের পর বিষয়টি সিএনডি, বিশ্ববিদ্যালয়ের ছুটি কমিটি হয়ে শেষ পর্যন্ত সিন্ডিকেটে অনুমোদনের জন্য যায়। সিন্ডিকেটের অনুমোদনের পরই শিক্ষক শিক্ষা ছুটিতে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।
তিনি বলেন, শিক্ষককে শিক্ষা ছুটি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হয়। পাশাপাশি কোনো শিক্ষক উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ পেলে সেটিও বিবেচনায় নেওয়া হয়।
একসঙ্গে একটি বিভাগের কত শতাংশ শিক্ষক উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারবেনÑ এ বিষয়ে অধ্যাপক আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালার ভিত্তিতেই সে সিদ্ধান্ত নেওয়া হয়। নীতিমালা পরিবর্তনের প্রয়োজন হলে সেজন্যও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।