গোবিপ্রবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০ পিএম
পড়াশোনার চাপ, ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, আর্থিক সংকট ও পারিবারিক নানা সমস্যায় মানসিক চাপে পড়ছেন শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনো স্থায়ী কাউন্সেলিং ব্যবস্থা। নেই পেশাদার কাউন্সেলর বা মনোরোগ বিশেষজ্ঞও। ফলে মানসিক সংকটে পড়া শিক্ষার্থীদের অনেককেই বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে সেবা নিতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্র উপদেষ্টা থাকলেও মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষায়িত পরামর্শ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। চিকিৎসাকেন্দ্রে শারীরিক অসুস্থতার চিকিৎসা মিললেও মানসিক সমস্যার জন্য আলাদা কোনো সেবা চালু হয়নি।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনা ও পরীক্ষা নিয়ে চাপের পাশাপাশি চাকরি ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, আর্থিক সংকট এবং পারিবারিক নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু প্রয়োজনের সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে গোপনীয়তা বজায় রেখে পেশাদার পরামর্শ নেওয়ার সুযোগ না থাকায় অনেক ক্ষেত্রে সমস্যাগুলো আরও জটিল হয়ে ওঠে।
সামাজিক সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। এর মধ্যে ২০ শতাংশের বেশি ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গোবিপ্রবির মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা বলেন, ‘শিক্ষার্থীরা প্রায়ই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে চিকিৎসাকেন্দ্রে আসেন। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার বাইরে বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ নেই। এ ধরনের সেবা নিশ্চিত করতে একজন সাইকিয়াট্রিস্ট প্রয়োজন।’
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সানজিদা কবির বলেন, শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে।
ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক গাজী মাহবুব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের জন্য নির্দিষ্ট পদ না থাকায় প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’
শিক্ষার্থীদের দাবি, মানসিক সংকটে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ে আলাদা কাউন্সেলিং কক্ষ চালু করা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত সেবা দিতে পেশাদার কাউন্সেলর বা মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিচয় ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করাও জরুরি।