ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি ছাত্রী আবাসিক হলে নারী প্রভোস্ট নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত, শারীরিক, নিরাপত্তা ও আবাসিক নানা সমস্যা পুরুষ প্রভোস্টের কাছে অনেক সময় স্বাচ্ছন্দ্যে তুলে ধরা সম্ভব হয় না। ফলে ছাত্রীদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য নারী প্রভোস্ট প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হল, খালেদা জিয়া হল ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে বর্তমানে পুরুষ শিক্ষকরা প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসব হলে পুরুষ শিক্ষকরা দায়িত্বে এলেও এর আগে ছাত্রী হলগুলোতে নারী শিক্ষকরা প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে জুলাই-৩৬ হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী, খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এবং উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, হল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, কক্ষসংক্রান্ত জটিলতা, অসুস্থতা ও দৈনন্দিন বিভিন্ন বিষয়ে ছাত্রীদের আলাদা ধরনের প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে নারী প্রভোস্ট থাকলে শিক্ষার্থীদের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি এবং সমস্যার ধরন বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। বিশেষ করে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়গুলো নারী প্রভোস্টের কাছে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে তুলে ধরা সম্ভব।
খালেদা জিয়া হলের শিক্ষার্থী মাহিমা হিমা বলেন, ‘নারী হলে নারী প্রভোস্ট প্রয়োজন। মেয়েরা হলের বিভিন্ন বিষয় পুরুষ প্রভোস্টের কাছে শেয়ার করতে অনেক সময় দ্বিধাবোধ করে। বিশেষ করে ওয়াশরুমের মতো বিষয় নিয়ে পুরুষ প্রভোস্টের সঙ্গে খোলামেলা আলোচনা করা কঠিন হয়ে পড়ে। রুমের বিভিন্ন সমস্যার কথাও অনেক সময় স্যারদের কাছে পুরোপুরি বলা সম্ভব হয় না। আংশিকভাবে জানালে সমস্যার গুরুত্বও অনেক সময় বোঝা যায় না।’
তিনি আরও বলেন, ‘রুমে বড় কোনো সমস্যা হলে প্রভোস্ট নিজে এসে পরিস্থিতি দেখার পরিবর্তে কর্মচারীদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এতে কখনো কখনো সমস্যার সমাধানের বদলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’
জুলাই-৩৬ হলের শিক্ষার্থী আজমিন সামিয়া তাইয়েবা বলেন, ‘ছাত্রী হলে নারী প্রভোস্ট থাকলে শুধু বিদ্যমান আবাসিক শিক্ষার্থীরাই স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, যারা নানা কারণে হলে থাকতে আগ্রহী নন, তাদের মধ্যেও হলে থাকার আগ্রহ তৈরি হতে পারে। একজন নারী প্রভোস্ট থাকলে ছাত্রীদের ব্যক্তিগত ও নিরাপত্তাজনিত বিষয়গুলো আরও সহজে তুলে ধরার সুযোগ তৈরি হবে।’ তিনি বলেন, ‘এতে অভিযোগ জানানো, পরামর্শ নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং হলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের সুযোগ বাড়বে।’
উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের শিক্ষার্থী সাদিয়া জান্নাত শিপ্রা বলেন, ‘আমাদের হলটি ছাত্রীদের আবাসিক হল হওয়ায় এখানে একজন নারী প্রভোস্ট থাকা প্রয়োজন। নারী প্রভোস্ট ছাত্রীদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সহজে বুঝতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রীদের আবাসিক হলে এমন অনেক বিষয় থাকে, যেগুলো পুরুষ প্রভোস্টের কাছে বলা সম্ভব হয় না। এসব বিষয় নারী প্রভোস্টের কাছে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে বলা যায়। মেয়েদের নানা সমস্যা একজন নারী শিক্ষক সহজে বুঝতে পারবেন। তাই আমাদের হলে একজন নারী প্রভোস্ট প্রয়োজন।’
শিক্ষার্থীদের দাবি, বিষয়টি বিবেচনা করে তিনটি ছাত্রী আবাসিক হলেই নারী প্রভোস্ট নিয়োগের উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আমাদের নারী শিক্ষার্থীদের জন্য যে তিনটি আবাসিক হল রয়েছে, তাতে বর্তমানে প্রভোস্ট হিসেবে পুরুষ শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। তবে ছাত্রী হলগুলোতে নারী প্রভোস্ট দেওয়ার যে দাবি শিক্ষার্থীদের, তা সম্পর্কে প্রশাসন অবগত। ভাইস চ্যান্সেলর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’