× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে এক বছর ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র

প্রান্ত কুমার দাশ, রাবি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৩ পিএম

রাবিতে এক বছর ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল, একাডেমিক ভবন, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনায় থাকা অধিকাংশ অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। মেয়াদ শেষ হওয়ার পরও এসব যন্ত্র পরিবর্তন বা রিফিল না করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি নজরে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ছয়টি, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আটটি, ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে সাতটি এবং মমতাজ উদ্দীন একাডেমিক ভবনে সাতটি অগ্নিনির্বাপক সিলিন্ডার রয়েছে। চারটি একাডেমিক ভবনের মোট ২৮টি সিলিন্ডারের মধ্যে অধিকাংশেরই মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া আবাসিক হলগুলোর করিডোর, সিঁড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানেও অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে। এর মধ্যে সৈয়দ আমীর আলী হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল ও শহীদ ড. শামসুজ্জোহা হলসহ অন্যান্য হলেও একই ধরনের চিত্র দেখা গেছে। মসজিদ ও মন্দিরেও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। এসব যন্ত্রের গায়ে থাকা তথ্য অনুযায়ী, অধিকাংশ সিলিন্ডারের মেয়াদ শেষ হয়েছে। প্রতিটি সিলিন্ডার ‘বেঙ্গল ফায়ার টেকনোলজি’ সরবরাহ করেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, রাবির ১৭টি আবাসিক হলে হাজারো শিক্ষার্থী বসবাস করেন। আবাসিক হলগুলোর কক্ষগুলোতে ইলেকট্রিক চুলায় রান্নার ব্যবস্থা থাকায় যেকোনো সময় অগ্নিদুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে আগুনের প্রাথমিক নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক সিলিন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমাগম হয়। ফলে এসব স্থাপনায় কার্যকর অগ্নিনিরাপত্তা সরঞ্জাম না থাকলে দুর্ঘটনার সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক সিলিন্ডার ঝুলে থাকায় প্রশাসনের তদারকি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে প্রতিটি আবাসিক হলে একাধিক অগ্নিনির্বাপক সিলিন্ডার স্থাপন করে প্রশাসন। এক বছর মেয়াদি এসব সিলিন্ডারের মেয়াদ ছিল ২০২৫ সালের ২ অক্টোবর পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেগুলো পুনঃস্থাপন বা রিফিলের জন্য সরিয়ে নেওয়া হয়নি।

মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী রাসেল রহমান বলেন, ‘আমাদের ব্লকের অগ্নিনির্বাপক সিলিন্ডারের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। একদিন চেক করার জন্য লক খুলে পুশ করেছিলাম। কিন্তু মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় কোনো গ্যাস বের হয়নি।’

এ বিষয়ে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হুসাইন আহমেদ মাহদী বলেন, ‘আমার হলে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে, বিষয়টি জানা ছিল না। প্রাধ্যক্ষ পরিষদের সঙ্গে কথা বলে দ্রুত এগুলো পরিবর্তনের ব্যবস্থা নেব।’

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ শাহীদুল ইসলাম বলেন, ‘হলগুলোতে খোঁজ নিয়ে জানতে পেরেছি, অগ্নিনির্বাপক যন্ত্রগুলো প্রায় এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এরপরও পরিবর্তন না করা উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও প্রশাসনিক খরচে এগুলো স্থাপন করা হয়েছিল। তবে স্থাপনের পর সংশ্লিষ্ট কোম্পানি আর রক্ষণাবেক্ষণ বা পরীক্ষা করতে আসেনি।’

তিনি আরও বলেন, ‘জরুরি প্রয়োজনে এগুলো কার্যকর না হলে শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়তে পারেন। বিষয়টি প্রাধ্যক্ষ পরিষদের সভায় আলোচনা করে প্রশাসনের নজরে আনা এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার সরিয়ে নতুন সিলিন্ডার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করবে না—এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে মেয়াদোত্তীর্ণ যন্ত্র পরিবর্তন করা উচিত। আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলো পরিবর্তন করতে অর্থের প্রয়োজন হয়। পর্যাপ্ত অর্থ না থাকায় অনেক সময় মেয়াদোত্তীর্ণ যন্ত্রও রেখে দেওয়া হয়, যাতে প্রয়োজনে কোনোভাবে কাজে লাগানো যায়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে স্থাপন করা অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে থাকলেও আবাসিক হলের যন্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম হচ্ছে কি না, সেটি সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে প্রশাসনেরও তদারকির দায়িত্ব রয়েছে। বিষয়টি যেহেতু জানানো হয়েছে, আমরা দেখব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা