চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০ পিএম
কোনো কারণ উল্লেখ না করে জারি করা প্রজ্ঞাপনের প্রতিবাদে এবার ‘প্রশ্নচিহ্ন’কে প্রতীক করে রাজপথে নেমেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে প্রতীকী প্রশ্নযাত্রা ও পথনাট্য করেছেন তারা। একই সঙ্গে বিষয়টিতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রশ্ন, দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় কেন উপাচার্য পরিবর্তন করা হলো এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাদের দাবি, এই আন্দোলন নতুন উপাচার্যের বিরুদ্ধে নয়, বরং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতেই তাদের এই আন্দোলন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, এর আগে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, সর্বাত্মক শাটডাউন, গণ-অবস্থান, গণস্বাক্ষর, মানববন্ধন, খোলা চিঠি, স্মারকলিপি, মশাল মিছিল, রেড কার্ড প্রদর্শন ও গ্রাফিতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। শুধু ক্যাম্পাসেই নয়, এই দাবির পক্ষে সংহতি জানিয়েছে দেশ-বিদেশের চুয়েট অ্যালামনাইদের বিভিন্ন প্ল্যাটফর্মও। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় সক্রিয় চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো এই তালিকায় রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
এতে আরও বলা হয়, শুধু অ্যালামনাই নয় ১১টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের কাছ থেকেও অধ্যাপক সায়েমের একাডেমিক নেতৃত্ব ও গবেষণার বিষয়ে সমর্থন ও রেফারেন্স পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক সায়েম আন্তর্জাতিক কোলাবোরেশন অফিস, রিসার্চ হাব, বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেন। পাশাপাশি বিদেশি শিক্ষক-গবেষকদের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত করা, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা এবং গ্রিন ও ক্লিন ক্যাম্পাসের মতো একাধিক উদ্যোগ নিয়েছিলেন। এসব উদ্যোগকে পর্যাপ্ত সময় দিয়ে মূল্যায়নের সুযোগ দেওয়া হলে চুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দীর্ঘমেয়াদি সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেত বলে মনে করেন তারা।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, চুয়েট পরিবারের উদ্বেগ, দেশ-বিদেশের অ্যালামনাইদের সংহতি এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক মহলের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
শিক্ষার্থীরা জানিয়েছে, আগামীকাল সোমবারও তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত সর্বাত্মক শাটডাউন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলবে। তবে নিরাপত্তা শাখা, মেডিকেলসহ জরুরি ও মানবিক সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে।