মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ২০:০৭ পিএম
মেরিটাইম গবেষণায় বিশেষ সম্মাননা গ্রহণ করছেন বিএমইউ শিক্ষক মুজাহেদ
মেরিটাইম লজিস্টিকস ও পরিবহন খাতে গবেষণামূলক অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষক মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ড্রাই পোর্টগুলোর পরিচালনগত দক্ষতা পরিমাপ বিষয়ক একটি সফল গবেষণার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। গবেষণাটি আন্তর্জাতিক গবেষণাপত্র ‘জার্নাল অব শিপিং অ্যান্ড ট্রেড’-এ প্রকাশিত হয়েছে। এতে ড্রাই পোর্টের কার্যক্ষমতা মূল্যায়নের একটি মডেল উদ্ভাবন করা হয়েছে, যা মেরিটাইম খাতের গবেষণা ও বাস্তব প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গবেষণায় মুজাহেদ হোসেন চৌধুরীর সঙ্গে গবেষক হিসেবে ছিলেন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা আজিজ শাহীন, প্রভাষক হুমায়ুন রাশিদ আসকারী, রাজীব সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক শাকিল হুদা।
মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরী বলেন, এই প্রাপ্তি বাংলাদেশে মেরিটাইম বিষয়ক গবেষণায় ভবিষ্যতে আরও বেশি অবদান রাখতে সাহায্য করবে। গবেষণায় অবদান রাখা সহগবেষকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম। এ সময় সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, দেশি-বিদেশি শিপিং লাইন ও মেরিটাইম পেশাজীবীরা উপস্থিত ছিলেন।