চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ। কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এতো সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে বৃত্তি দেওয়ার ঘটনা এবারই প্রথম।
রবিবার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়। বৃত্তি প্রদান শেষে সংগঠনটির গত এক বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উত্তরণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিফাত খান শিশির বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। গত পাঁচ বছরে আমরা প্রায় চার হাজার শিক্ষার্থীকে সেবা দিয়েছি।
তিনি জানান, বৃত্তির পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহসহ নানা সহায়তা দিয়ে যাচ্ছে সংগঠনটি। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তার লক্ষ্যে ২০২২ সালে যাত্রা শুরু করে উত্তরণ। সংগঠনটি পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে। বর্তমানে প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা সংগঠনটির বিনামূল্যে খাবার সহায়তা পাচ্ছেন। এছাড়া পবিত্র রমজান মাসে সেহরি-ইফতারের ব্যবস্থাও করে থাকে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।