রাবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে বিষধর কালাচ সাপে কামড় দেওয়ার ঘটনায় হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করেন তারা।
আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুজ্জোহা হল সংসদের সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ আশ্বাস দিয়েছে যে বিষয়গুলো তারা দেখবে। আজকের মতো আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে দাবি পূরণ না হলে আবার কর্মসূচি দেওয়া হতে পারে।
এর আগে বিকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা হলের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও আবাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বস্ত করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, হল প্রাধ্যক্ষকে প্রতি সপ্তাহে অন্তত একবার শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের মতামত নিতে বলা হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসাসংক্রান্ত সব ব্যয়ের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। তিনি বলেন, রাতারাতি কাজ করে ফেলব বলে মিথ্যা আশ্বাস দিতে চাই না। তবে দ্রুত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশিদ আলম, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এসএম কামরুজ্জামান এবং শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন সরকার উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলামকে কালাচ সাপে কামড় দেয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাপে কামড় দেওয়ার পর নুরনবীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এ ঘটনার পর বেলা ১১টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন সরকারের অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কক্ষে তালা দেন। পরে মিছিল নিয়ে দুপুর ২টার দিকে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত স্নেক নেট স্থাপন, হলের চারপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, খাবারের মানোন্নয়ন, ওয়াশরুম পরিষ্কার এবং আবাসিক শিক্ষার্থীদের সিটসংক্রান্ত সমস্যা সমাধান। বিক্ষোভে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস সালমান সাব্বির প্রমুখ।