ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম
‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ট্যুরিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাঙালি ঐতিহ্য ও পর্যটনভিত্তিক বিভিন্ন সাজসজ্জার পাশাপাশি তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল, সহকারী অধ্যাপক মো. নাসির মিয়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতি, গ্রামীণ জীবন ও ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরেন। বর-বউ, কৃষক-কৃষানি, মা-ছেলে, জমিদার ও জমিদারপত্নী, বাউল, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, আদিবাসী জনগোষ্ঠী ও গ্রামীণ নারীর সাজে অংশ নেন শিক্ষার্থীরা। পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন পেশা ও চরিত্রও উপস্থাপন করা হয়। এতে শেফ, এয়ার হোস্টেস, ক্লিনার, বারটেন্ডার, ওয়েটার, পর্যটক, দুবাইয়ের শেখ ও তার স্ত্রী এবং ট্যুরিস্ট পুলিশের সাজে শিক্ষার্থীরা অংশ নেন।
বটতলায় আয়োজিত ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের স্টল সাজানো হয়। স্টলগুলোতে দেশীয় ও বিদেশি খাবারের পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী, গাইড ও অন্যান্য উপকরণ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বাউল চরিত্রে অংশ নেওয়া শিক্ষার্থী অহনা রহমান বলেন, ‘কুষ্টিয়া লালন শাহের মাজার ও বাউল সংস্কৃতির জন্য পরিচিত। পর্যটনের সঙ্গে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সংযোগ তুলে ধরতে বাউল সেজে র্যালিতে অংশ নিয়েছি। জীবনে প্রথমবারের মতো এমন বড় আয়োজনে অংশ নিতে পেরে শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও শেষ পর্যন্ত খুবই আনন্দিত ও রোমাঞ্চিত হয়েছি। আশা করি, ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।’
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে র্যালি ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ফুড ফেস্টিভ্যালটি ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর চলবে।’
তিনি আরও বলেন, ‘এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ট্যুরিজম’ সামনে রেখে আগামী ১০ অক্টোবর একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মূল লক্ষ্য ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং শিক্ষার্থীদের বিশ্ব পর্যটনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করে তোলা।’
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা ডিসিপ্লিনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ ও কার্যকর হিসেবে গড়ে তুলবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে। শিক্ষা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারো।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। তোমাদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আমরা এসব কর্মকাণ্ড কমিয়ে আনতে চাই। আমি বিশ্বাস করি, তোমাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’