গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ হিসেবে এসিআই ফার্মাসিউটিক্যালসের নারায়ণগঞ্জ শাখা পরিদর্শন করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের সঙ্গে ফার্মাসিউটিক্যাল ও এগ্রিবিজনেস শিল্পের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা পশু চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন পণ্য ও সংশ্লিষ্ট উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নেন। শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রমের এই মেলবন্ধন তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শন সম্পর্কে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাকসুদল ইসলাম বলেন, ‘ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসিআইতে এসে প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অনেক কাজে আসবে।’
পরিদর্শনের তত্ত্বাবধানে ছিলেন ভেটেরিনারি অনুষদের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌসী জিসা। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; তাদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভস্টক এক্সটেনশন বিষয়ের অংশ হিসেবে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের প্রাণিসম্পদ খাত, সংশ্লিষ্ট শিল্প ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে লাগবে। আমরা চাই, তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দক্ষ ও দায়িত্বশীল ভেটেরিনারিয়ান হিসেবে নিজেদের গড়ে তুলুক।’