× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে বিষধর কালাচের ছোবল

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

রাবি শহীদ শামসুজ্জোহা হলে এক ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দেয় বিষধর কালাচ সাপ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাবি শহীদ শামসুজ্জোহা হলে এক ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দেয় বিষধর কালাচ সাপ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় বিছানায় উঠে বিষধর কালাচ সাপের কামড়ে নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার ভোর ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

আহত নুরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা গেছে, ভোরে হলের ১৩৮ নম্বর কক্ষে নিজের বিছানায় ঘুমাচ্ছিলেন নুরনবী। এ সময় একটি বিষধর সাপ বিছানায় উঠে তার পায়ে কামড় দেয়। দংশনের পরপরই নুরনবী তা টের পান এবং সহপাঠীদের জানান। পরে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রামেক হাসপাতালে নিয়ে যান।

শিক্ষার্থী আশঙ্কামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীম আহমেদ।

তিনি জানান, ভোরে বিষধর সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তাকে ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপ দংশন করেছে। ইতোমধ্যে তাকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত ও আশঙ্কামুক্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশীদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হাসপাতালে নেওয়ার পর নুরনবীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে স্বাভাবিক বেডে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তবে পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি জানার পর হলের প্রভোস্ট হাসপাতালে গেছেন। নুরনবীর বিভাগের সভাপতি ও আরও কয়েকজন শিক্ষককে বিষয়টি জানানো হয়েছে। তারাও হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীর সর্বশেষ অবস্থার বিষয়ে খোঁজ রাখছেন।

ঘটনার পর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট দীর্ঘ বিষধর পাতি কালাচ সাপটি উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে আমরা দ্রুত হলের কক্ষে পৌঁছাই এবং ৩ ফুট লম্বা কালাচ সাপটি নিরাপদে উদ্ধার করি।”

তিনি বলেন, “কক্ষ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খলা অবস্থায় থাকলে এসব সাপের উপদ্রব বাড়ে। কালাচ সাধারণত উষ্ণতার খোঁজে মানুষের বিছানায় উঠে আসে এবং অজান্তে শরীরের সংস্পর্শে এলে দংশন করে থাকে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা