পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৮ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় আটকে মারধর, এক ছাত্রীকে হেনস্তা এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দুমকি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হন। থানা ব্রিজ থেকে অটোরিকশাটি শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির ভেতর দিয়ে গ্রামীণ সড়কে যাওয়ার সময় মাদ্রাসার সামনে কয়েকজন যুবক তাদের গতিরোধ করেন।
এজাহারে বলা হয়েছে, যুবকেরা তাদের পরিচয় ও একসঙ্গে ঘোরার বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিলে অটোরিকশাচালকও তাদের পক্ষে কথা বলেন। একপর্যায়ে অভিযুক্তরা ওই ছাত্রকে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যান এবং তার কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা নিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময় ছাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ টাকা নেওয়া হয়।
এতে আরও বলা হয়, এ সময় অভিযুক্তদের একজন অটোরিকশায় উঠে ওই ছাত্রীর শরীরে অশালীনভাবে স্পর্শ করেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগীরা দুমকি থানায় গিয়ে বিষয়টি জানান। পুলিশ সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করে এবং পরে ছবির মাধ্যমে তাদের শনাক্ত করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের অনুমোদনের পর ভুক্তভোগী ছাত্রী লিখিত এজাহার দেন।
মামলায় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদারকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। আমরা তালিকা তৈরি করে ছবির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনের পর ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় পাঁচজন এজাহারনামীয় আসামি রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, যৌন হয়রানির উদ্দেশ্যে গায়ে হাত দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং মারধর ও টাকা নেওয়ার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বিষয়টি জানার পরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে স্থানীয় কয়েকজন যুবক জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা।