খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে আয়ুব। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
‘সকাল থেকেই শোনা যাচ্ছিল, রেজাল্ট প্রকাশ হতে পারে। যেহেতু গত বছর ১৭তম জুডিশিয়ারির চূড়ান্ত ফলে আমার নাম ছিল না, বারবার সেই সময়ের কথা মনে পড়ছিল। এবার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হওয়ায় আশাও ছিল অনেক। আগের রাত থেকে চিন্তায় কিছু খাওয়াদাওয়াও করতে পারিনি। সারাদিন শুধু আল্লাহকে স্মরণ করেছি।’ এভাবেই ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল প্রকাশের মুহূর্তের অনুভূতি জানাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে আয়ুব। চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় সপ্তম স্থান অর্জন করেছেন তিনি।
ফল প্রকাশের সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে হাফসা বলেন, ‘বিকালে পাঁচটার কিছু আগে শুনলাম ফল প্রকাশিত হয়েছে। ঘড়ির সময় যেন থেমে গেল। ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছিল না। এরপর কেউ একজন ফলের স্ক্রিনশট শেয়ার করলেন। কাঁপা কাঁপা হাতে রোল খুঁজতে শুরু করলাম। চিন্তায় স্থিরভাবে রোল খুঁজতেও পারছিলাম না। অবশেষে কাঙ্ক্ষিত রোলটি পেলাম। বেশ কয়েকবার যাচাই করে দেখলাম। মেধাতালিকায় সপ্তম অবস্থানে আমার চোখ আটকে গেল।’
হাফসার এই সাফল্যের খবরের অপেক্ষায় ছিলেন তার বাবা, মা ও খালামনি। পাশের কক্ষেই ছিলেন তারা। ফলাফলের খবর জানাতেই সবাই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আনন্দের সেই মুহূর্তে অবশ্য গভীর এক শূন্যতাও অনুভব করেন হাফসা। কারণ, মাত্র দুই সপ্তাহ আগে মারা গেছেন তার নানাভাই। নাতনিকে বিচারকের আসনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি। কালো কোট আর সাদা শার্ট পরে নানাভাইয়ের সামনে গিয়ে নিজের সাফল্যের কথা জানানোর সুযোগও পেলেন না হাফসা। তবে কঠিন সময়েও হাফসার পাশে ছিল তার পরিবার।
বিশ্ববিদ্যালয়জীবনটাও অন্যদের মতো উপভোগ করার ইচ্ছা ছিল হাফসার। এরপর চাকরির প্রস্তুতি শুরু করবেন—এমন পরিকল্পনাও ছিল। কিন্তু একাডেমিক পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে গিয়ে সেটি সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রথম তিন বছর একাগ্রভাবে একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেন তিনি। প্রতিটি বর্ষেই অর্জন করেন কাঙ্ক্ষিত ফলাফল। এরপর শুরু হয় বিচারক হওয়ার প্রস্তুতির নতুন সংগ্রাম। একদিকে একাডেমিক ফল ভালো রাখার চেষ্টা, অন্যদিকে জুডিশিয়ারির বিশাল সিলেবাস—দুটির মধ্যে ভারসাম্য রাখা ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলএলবিতে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং এলএলএমে দ্বিতীয় হন হাফসা। ক্লাস, উপস্থাপনা ও অভিসন্দর্ভের চাপের পাশাপাশি চলতে থাকে বিচারক হওয়ার প্রস্তুতি।
ভাইভা বোর্ড কিংবা ক্যাম্পাসের বাইরে প্রায়ই একটি প্রশ্ন শুনতে হতো তাকে—‘খুবিতে ‘ল’ আছে? এখান থেকে জাজ হয় নাকি?’ এতদিনের সেই প্রশ্নের উত্তর এবার কাজের মাধ্যমে দিয়েছেন হাফসা। তার সাফল্যের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগও পেল নতুন পরিচিতি।
নিজের লক্ষ্য সম্পর্কে হাফসা বলেন, ‘এই পদটি আমার জন্য একটি বড় আমানত। একজন বিচারকের কাজ শুধু রায় দেওয়া নয়, মানুষের শেষ ভরসার জায়গা হয়ে ওঠা। আমাদের দেশে বর্তমানে মামলার তুলনায় বিচারক সংকট রয়েছে। এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতির সঠিক প্রয়োগ এবং আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করে বিচারপ্রার্থী মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।’
দুই নৌকায় পা দেওয়া বিপজ্জনক—বিশ্ববিদ্যালয়জীবনে এমন কথাই প্রচলিত। কিন্তু হাফসা একই সঙ্গে একাডেমিক পড়াশোনা ও জুডিশিয়ারির প্রস্তুতি চালিয়ে গেছেন। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে তার পূর্ববর্তী পড়াশোনা সাধারণ জ্ঞানে কিছুটা সহায়ক ছিল। পাশাপাশি ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস থাকায় আইনের কঠিন রেফারেন্স বই মুখস্থ করার পরিবর্তে গল্পের মতো করে পড়ার চেষ্টা করেছেন তিনি।
হাফসা বলেন, ‘একাডেমিক ফল আমার প্রথম অগ্রাধিকার ছিল। একাডেমিক পড়াশোনা আর জুডিশিয়ারির পড়া কিছুটা আলাদা হলেও ভিত্তিটা মূলত শিক্ষকদের হাতেই তৈরি হয়। কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য পরিশ্রম করে চেষ্টা করতে হয়—এটি আমাকে খুলনা বিশ্ববিদ্যালয় ও সম্মানিত শিক্ষকেরাই শিখিয়েছেন।’