ইবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের পর শনিবার উভয় পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মাদ্রাসা মসজিদ-সংলগ্ন কাঁঠালবাগান থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে।
আটক ছাত্রটি মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। ছাত্রীটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, দুই শিক্ষার্থীর লিখিত সম্মতি এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে গতকাল শনিবার সামাজিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। ছাত্রটি বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুজনই বিয়ের বিষয়ে সম্মত। পরিবারের সম্মতিতে বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।’
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘দুই শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করার পর আমরা বিষয়টি জানতে পারি। পরে তাদের প্রক্টর কার্যালয়ে এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়। শিক্ষার্থী দুজনের সম্মতি এবং পরিবারের সঙ্গে আলোচনা করে গতকাল তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।’