চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের হাজারী লেইনস্থ বিশ্ববিদ্যালয়ের ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান ও সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবাগত শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, আইন বিভাগে অভিজ্ঞ, জ্ঞানসমৃদ্ধ ও প্রতিষ্ঠিত শিক্ষক এবং পেশাজীবীদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও অবদানের ফলে আইন বিভাগ একটি উচ্চ মর্যাদায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের সময় আইন বিভাগের ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের অনুরোধ ও চাপের মুখোমুখি হতে হয়। তবে শিক্ষার গুণগত মানের সঙ্গে কোনো আপস না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষকরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছেন।
উপাচার্য ব্যবসায়িক কৌশলের উদাহরণ তুলে ধরে ব্যয়-সাশ্রয়ী নেতৃত্ব ও স্বাতন্ত্র্যকরণ কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা না করে নিজস্ব মান, গুণগত বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য তৈরি করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদেরও নিজেদের দক্ষতা ও স্বাতন্ত্র্য বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ পেশাজীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার। এছাড়া বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলএলএম ৪২তম ব্যাচের পরামর্শক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা। এতে আইন বিভাগের শিক্ষকরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির এলএলএম প্রোগ্রামে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।