× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআই গ্রিনমেট্রিক ২০২৬ র‌্যাংকিংয়ে দেশসেরা আইইউবিএটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৬ পিএম

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে আইইউবিএটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে আইইউবিএটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এশিয়ায় আইইউবিএটির অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম।

আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করা হয়। র‌্যাংকিংয়ের ১৭তম আসরে ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিতাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নের নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়ন করাই এ র‌্যাংকিংয়ের মূল উদ্দেশ্য। ২০২৬ সালের মূল্যায়নে সাতটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে। এগুলো হলো—পরিবেশ ও অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালাইজেশন।

বাংলাদেশের শীর্ষ অবস্থানে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ অর্জন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘এ স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব।’

১৯৯১ সালে যাত্রা শুরু করা আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। পরিবেশ উন্নয়নের অঙ্গীকার থেকে তিনি ২০০৮ সালে আইইউবিএটিকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে ঘোষণা করেন।

এর ধারাবাহিকতায় সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক এ স্বীকৃতি সেই দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই প্রতিফলন বলে জানিয়েছে আইইউবিএটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা