তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭ পিএম
তেজগাঁও কলেজের রসায়ন বিভাগে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে ‘চা বিক্রিয়া’ শিরোনামে এক চা চক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভাগের ১১২ নম্বর কক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে চা আড্ডায় অংশ নেন।
নবীন শিক্ষার্থীদের জন্য এ চা চক্রটি ছিল পরিচিতি ও পারস্পরিক মেলামেশার একটি সুন্দর সুযোগ। প্রথম পরিচয়ের জড়তা কাটিয়ে তারা সহজেই সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পান। এতে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভবিষ্যতে আরও সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি ছিল নানা বিনোদনমূলক আয়োজন। নাচ, গান, কুইজ প্রতিযোগিতা ও বালিশ বদল খেলায় অংশ নেন শিক্ষার্থীরা। এসব আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ ও সুস্থ প্রতিযোগিতার আবহ।
চা হাতে গল্প-আড্ডা, হাসি-আনন্দে মুখর এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আন্তরিক পরিবেশ। এতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়। উপস্থিত শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে বিভাগের শিক্ষার পরিবেশের পাশাপাশি শিক্ষক ও সহপাঠীদের মধ্যকার সম্পর্কও আরও সমৃদ্ধ হবে।