× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকারে রাকসু ভিপি

রাকসুর সাফল্য চান না কিছু ব্যক্তি

প্রান্ত কুমার দাশ, রাবি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৪ পিএম

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। ফাইল ছবি

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। ফাইল ছবি

দেখতে দেখতে পঞ্জিকার পাতা উল্টে মেয়াদের একেবারে গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। এই পথপরিক্রমায় প্রতিশ্রুতি আর প্রাপ্তির হিসাবটি আসলে কেমন? কতটুকু স্বপ্ন তারা ছুঁতে পেরেছে? সাফল্য-ব্যর্থতার খতিয়ান, না-বলা আক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে কথা বলেছেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। সাক্ষাৎকার নিয়েছেন রাবি প্রতিবেদক প্রান্ত কুমার দাশ

প্রতিদিনের বাংলাদেশ : আপনারা ১২ মাসে ২৪টি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন?

মোস্তাকুর রহমান জাহিদ : আমরা সেদিন হিসাব করে দেখেছি, কেন্দ্রীয় সংসদের ইশতেহার বাস্তবায়নের হার ৭৩ শতাংশ। বাকি আছে ২৭ শতাংশ। এর মধ্যে বড় কাজগুলোই মূলত বাকি। ছোট ছোট কাজগুলো আমরা প্রায় শেষ করে এনেছি। আশা করি, হাতে থাকা বাকি ৪০ দিনের মধ্যে আরও কিছু শেষ করতে পারব।

প্রতিদিনের বাংলাদেশ : বাকি ২৭ শতাংশ কাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?

মোস্তাকুর রহমান জাহিদ : বাকি থাকা ২৭ শতাংশের মধ্যে বড় বড় কয়েকটি বিষয় রয়েছে। যেমনÑ অনাবাসিক ভাতা, চিকিৎসাকেন্দ্র সংস্কার এবং খাদ্য ভর্তুকি। এ ছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক এলাকায় পাম্প স্থাপনের কথা ছিল। বিভিন্ন সেবাকে অনলাইনে নিয়ে আসার বিষয়ও আছে। তবে বাকি ৪০ দিনে আমরা মূলত অনাবাসিক ভাতা, চিকিৎসাকেন্দ্র সংস্কার এবং খাদ্যের মান উন্নয়নÑ এই তিনটি বড় কাজের প্রতি বেশি মনোযোগ দেব। কারণ এগুলো শিক্ষার্থীদের প্রধান চাহিদার সঙ্গে যুক্ত।

প্রতিদিনের বাংলাদেশ : হল সংসদগুলোতেও আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। সেখানকার ইশতেহার বাস্তবায়ন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি কত দূর?

মোস্তাকুর রহমান জাহিদ : আমাদের হিসাবমতে, সেখানেও ৮০ শতাংশের বেশি কাজ বাস্তবায়িত হয়েছে। কিছু অবশ্য এখনও বাকি। এর মধ্যে ফ্রিজ দেওয়ার বিষয়টি অন্যতম, যার ব্যবস্থা আমরা করছি। এ ছাড়া আরও দুয়েকটি কাজ বাকি আছে, আশা করি ৪০ দিনের মধ্যে সেগুলোও হয়ে যাবে।

প্রতিদিনের বাংলাদেশ : ইশতেহার বাস্তবায়নের পথে আপনারা প্রশাসনের অসহযোগিতার কথা বলেছেন। কী ধরনের অসহযোগিতা পেয়েছেন?

মোস্তাকুর রহমান জাহিদ : প্রথম অসহযোগিতা হলো, শুরুতেই রাকসুর বাজেট বুঝিয়ে দিতে তারা আমাদের তিন মাস সময় নষ্ট করেছে। যেহেতু আমাদের মেয়াদ মাত্র ১২ মাস, তাই প্রথম তিন মাস এভাবে নষ্ট করাটা কোনোভাবেই যৌক্তিক ছিল না। তিন মাস পর যে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটিও দীর্ঘ সময়ের পুরোটা নয়। দ্বিতীয়ত, প্রশাসন পরিবর্তনের পর আমরা দুই প্রশাসনের দুই রকম জটিলতার মুখে পড়েছি। প্রথম প্রশাসনের সাংবিধানিক অনেক জটিলতা ছিল। যেহেতু ৩৫ বছর পর প্রথম নির্বাচন হয়েছে, তাই প্রশাসনের অনেকেই অনেক বিষয় বুঝতেন না। এসব বাস্তবায়ন করতে গিয়ে ছোট ছোট কাজেও অনেক সময় চলে গেছে।

প্রতিদিনের বাংলাদেশ : দ্বিতীয় প্রশাসনের ক্ষেত্রে কী ধরনের জটিলতা হয়েছে?

মোস্তাকুর রহমান জাহিদ : দ্বিতীয় প্রশাসনের সঙ্গে আমাদের মতাদর্শের পার্থক্যের বিষয়টি সবাই জানে। এ কারণেই মূলত জটিলতা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, প্রশাসনের অনেক ব্যক্তি আছেন, যারা চান না যে রাকসু সফল হোক। বিভিন্ন কাজের মধ্য দিয়ে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি প্রকাশ করেছেন।

প্রতিদিনের বাংলাদেশ : এর কোনো উদাহরণ দিতে পারবেন?

মোস্তাকুর রহমান জাহিদ : তারা আমাদের সঙ্গে সহযোগিতামূলক আচরণের বদলে মাঝেমধ্যেই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হন। যেমনÑ স্টেডিয়ামে ফাইনাল খেলা দেখানোর জন্য আমরা যখন উদ্যোগ নিয়েছিলাম, তখন অনুমতি দিতে তারা গড়িমসি করলেন। পরে অবশ্য অনুমতি দেন। কিন্তু পাশাপাশি নিজেরাও খেলা দেখানোর আরেকটি উদ্যোগ নেন। এরপর অ্যাম্বুলেন্সের ব্যাপারে আমরা যখন ঘোষণা দিলাম, তখন তারাও দিলেন। আমরা চাই তারা এসব করুন, তাতে সমস্যা নেই। কিন্তু তাদের তো অগ্রগামী হওয়া দরকার ছিল! আমরা যেটা করছি, সেটার পাল্টাপাল্টি হিসেবে কিছু করাটাকে আমাদের কাছে অসুস্থ প্রতিযোগিতা বলে মনে হয়। আমরা চাই, তারা অগ্রগামী হয়ে তাদের কাজগুলো করুন, আমরা সহযোগিতা করব।

প্রতিদিনের বাংলাদেশ : রাকসুর নিয়মিত অধিবেশন না হওয়াটাও কি কোনো সমস্যা তৈরি করছে?

মোস্তাকুর রহমান জাহিদ : হ্যাঁ। আমাদের রাকসুর সভাপতি উপাচার্য স্যারকে কাজের সুবাদে অনেক বেশি বাইরে থাকতে হয়। অধিবেশন না হলে অনেক কাজই বাস্তবায়ন করা যায় না। প্রতি মাসে অধিবেশন হওয়ার কথা থাকলেও গত দুই মাস ধরে তা হচ্ছে না। যদিও আমরা অন্যভাবে আবেদন করে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করছি, তবে অধিবেশনের মাধ্যমে করতে পারলে কাজগুলো আমাদের জন্য সহজ হতো। এক্ষেত্রে আমরা সভাপতির সময়টা কম পাচ্ছি, এটিও একটি বড় জটিলতা।

প্রতিদিনের বাংলাদেশ : আর কী ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে?

মোস্তাকুর রহমান জাহিদ : সবচেয়ে বড় জটিলতা হলো, বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো করা বা দেওয়ার কথা, সেগুলো দেওয়ার ক্ষেত্রে তারা ‘রাকসুর মেয়াদ শেষ হোক, তারপর দেব’Ñ এমন একটি মনোভাব প্রকাশ করে। এটি শিক্ষার্থীদের জন্য যেমন কষ্টকর, আমাদের জন্যও তেমনি। শুধু মতাদর্শের ভিন্নতা আছে বলেই যে কাজ আগে করা সম্ভব, তা পরে করার কোনো যুক্তি নেই। এসির ব্যাপারে আমরা চাপ দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, অথচ এটি তাদের আগেই করা উচিত ছিল। ফ্রিজের ব্যাপারেও একই ঘটনা ঘটছে। আমরা দিতে চাইছি, কিন্তু তারা বলছেন দেরি হবে।

প্রতিদিনের বাংলাদেশ : শিক্ষার্থীদের দুটি বড় সমস্যাÑ আবাসন ও খাবার। গত প্রায় ১০ মাসে এ বিষয়ে রাকসু কী করেছে?

মোস্তাকুর রহমান জাহিদ : আমরা যে তিনটি বড় কাজের ওপর এখন ফোকাস করছি, তার মধ্যে খাদ্য ভর্তুকি ও অনাবাসিক ভাতা অন্তর্ভুক্ত। তবে গত ১০ মাসে আমরা কী করেছি, তার উত্তরে বলব আমরা অনেক কিছুই করেছি। রাকসুর এমন কোনো অধিবেশন পাওয়া যাবে না, যেখানে অনাবাসিক ভাতা ও খাদ্যের বিষয়ে আমরা কথা বলিনি। পরবর্তী সময়ে এই তিনটি বিষয় আমাদের প্রতিটি অধিবেশনেই সাধারণ আলোচ্যসূচি ছিল।

প্রতিদিনের বাংলাদেশ : তাহলে এত দিনেও আবাসিকতার রোডম্যাপ কেন হলো না?

মোস্তাকুর রহমান জাহিদ : এগুলো অনেক বড় বিষয়। আমরা জানি, এসবের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। আবাসিক ভাতা, আবাসিকতার রোডম্যাপ বা খাদ্য ভর্তুকির মতো বিষয়গুলো এক বছরে সমাধান হবে না, তা আমরাও জানি। সেজন্যই আমরা বলেছিলাম, অন্তত একটি রোডম্যাপ দিন। সাতটি হলের জায়গা পাওয়া গেছে, এগুলো কত বছরের মধ্যে নির্মাণ করা সম্ভব? যত বছর লাগবে হলগুলো তুলতে, ঠিক তত বছরই আমরা অনাবাসিক ভাতা চেয়েছি। আমরা তো অসীম সময়ের জন্য অনাবাসিক ভাতা চাচ্ছি না। হলগুলো নির্মাণ হয়ে গেলে অনাবাসিক ভাতা বাতিল করে দিলেও আমাদের কোনো আপত্তি নেই।

প্রতিদিনের বাংলাদেশ : খাদ্য ভর্তুকির বিষয়ে প্রশাসনের সঙ্গে আপনাদের আলোচনা কত দূর এগোল?

মোস্তাকুর রহমান জাহিদ : আমরা একপর্যায়ে বললাম যে, ফান্ড থেকে আমরা খাদ্য ভর্তুকি দেব। আপনারা যদি দিতে না পারেন, তাহলে আমাদের ব্যবস্থা করে দিন। কিন্তু তারা সেটিও করছে না। অনাবাসিক ভাতার ব্যাপারেও তারা কোনো কথা শুনতে নারাজ। ‘২০ হাজার শিক্ষার্থীকে কীভাবে টাকা দেব’Ñ এমন একটা নেতিবাচক মনোভাব তাদের। একটি বড় সমস্যার সমাধান হয়তো তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিন্তু অন্তত সেটির প্রতি মনোযোগ দেওয়া বা আগ্রহ প্রকাশ করা তো দরকার! আমরা প্রশাসনের এমন কোনো সদিচ্ছা দেখছি না, যা অত্যন্ত কষ্টদায়ক।

প্রতিদিনের বাংলাদেশ : তাহলে মেয়াদের শেষ ৪০ দিনে আপনাদের পরিকল্পনা কী?

মোস্তাকুর রহমান জাহিদ : বাকি ৪০ দিন আমরা অনাবাসিক ভাতা, খাদ্য ভর্তুকি এবং চিকিৎসাকেন্দ্র সংস্কারের মতো বড় বিষয়গুলোতেই ফোকাস করছি। এগুলো সমাধান না হলে শিক্ষার্থীদের জন্যও সমস্যা, আমাদের জন্যও সমস্যা। প্রতিদিন শিক্ষার্থীরা আমাদের কাছে আর্থিক সমস্যা নিয়ে আসে। আমরা আর কত বাইরে থেকে এগুলোর সমাধান করব? সাবেক ভাইদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তাদের সহযোগিতা করা তো আমাদের কাজ নয়, এটি প্রশাসনের দেখা উচিত। আমরা এরই মধ্যে জানিয়েছি, এই তিন-চারটা দাবির বিষয়ে প্রশাসন যদি মনোযোগ না দেয় বা সমাধান না করে, তবে শিক্ষার্থীরা হয়তো আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা