চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৭ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের চতুর্থ দিনে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াললিখনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় হঠাৎ তাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে গত সোমবার রাত থেকে তারা আন্দোলনে নামেন। তাকে পুনর্বহাল না করা পর্যন্ত ক্যাম্পাসে ‘সর্বাত্মক শাটডাউন’ ও আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে টানা তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাস।
মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, “গতকাল (বৃহস্পতিবার) আমরা জেনেছি, উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের শিক্ষকরা রবিবার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না।”
এর আগে, গত বৃহস্পতিবার উপাচার্য হিসেবে যোগদানের জন্য ক্যাম্পাসে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত যোগদানপত্র পাঠান অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ওই যোগদানপত্রে তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদানের বিষয়টি উল্লেখ করেন। এরই প্রতিবাদে তার যোগদানকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে তিনদিন ধরে অচল হয়ে আছে ক্যাম্পাস। হয়নি কোনো ক্লাস-পরীক্ষা।