চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:২২ পিএম
চুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি তৃতীয় দিনের মতো চলছে। এর মধ্যেই অনলাইনে দায়িত্বে যোগদান করেছেন চুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি বলেন, আমি বিকালে অনলাইনে যোগদান সম্পন্ন করেছি। শিক্ষা সচিব আমার যোগদান গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় যোগদানের বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শিগগিরই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করব।
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত আসায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ওই রাত থেকেই তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরদিন থেকে সর্বাত্মক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করেছে।