ভাওয়াল কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৮ পিএম
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণির ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজে আসা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক ছানোয়ারা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলী। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ছানোয়ারা সুলতানা বলেন, নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিজেদের দক্ষতা ও মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।