নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে সমাজবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সমাজবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ফল ২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফল ২০২৬ সেমিস্টারে সমাজবিজ্ঞান প্রোগ্রামে মোট ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়।
এর আগে জিইডি কোর্সের আওতায় সমাজবিজ্ঞান পড়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. আব্দুল ওহাব নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের ইতিহাস ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন।
তিনি বিভাগের অ্যাকাডেমিক যাত্রার পাশাপাশি এর প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদানের কথা তুলে ধরেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিকুল ইসলাম প্রোগ্রামটির পাঠ্যক্রমের কাঠামো এবং ডিগ্রি অর্জনের শর্তাবলি বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, “সমাজবিজ্ঞান তোমাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে, সমাজের উন্নয়নে অবদান রাখতে এবং একটি সুন্দর পৃথিবী গড়তে সহায়তা করবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান বলেন, “আমরা সমাজবিজ্ঞান প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি তাদের এবং আমাদের সবার জন্যই একটি নতুন যাত্রা হতে যাচ্ছে। তাদের অ্যাকাডেমিক ও ব্যক্তিগত বিকাশের প্রতিটি ধাপে সহায়তা করতে আমরা উন্মুখ হয়ে আছি।”
ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান বিভাগে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তারা শিক্ষার্থীদের দেশের সেরা গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেবেন।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রিজওয়ান খায়ের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ইশরাত জাকিয়া সুলতানা।