বিএম কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার যৌথ উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিএম কলেজের জিরো পয়েন্টে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দুই কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদওয়ান।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। একই সঙ্গে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বাড়াতে ভূমিকা রাখে। এ সময় শিক্ষার্থীদের কল্যাণ ও তরুণদের ইতিবাচক বিকাশে ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।