ইবি সংবাদদাতা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী শারমীন খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যমজ দুই সন্তান, স্বামী ও সংসারের দায়িত্ব সামলেও নিজের স্বপ্ন থেকে সরে যাননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী শারমীন খাতুন। দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। মেধাক্রমে শারমীনের অবস্থান ২৪তম।
১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল বুধবার প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশ থেকে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ১৯ জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন রয়েছেন। এই ১৯ জনের মধ্যে শারমীনও রয়েছেন।
পড়াশোনার পাশাপাশি তাকে সামলাতে হয়েছে সংসার ও দুই সন্তানের দায়িত্ব। ২০১৫ সালে এসএসসি পাসের পর ২০১৬ সালে বিয়ে হয় তার। ২০২১ সালে তিনি যমজ সন্তানের মা হন। এরপর সন্তানদের দেখাশোনা ও সংসারের ব্যস্ততার মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে যান।
বিজেএস পরীক্ষার প্রস্তুতিও নিতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে। লিখিত পরীক্ষার সময় তার এক সন্তান হাসপাতালে ভর্তি ছিল। অসুস্থ সন্তানের চিন্তা ও মায়ের দায়িত্বের পাশাপাশি সেই সময় তাকে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তবুও নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ থেকে পিছিয়ে যাননি তিনি।
শারমীন বলেন, “অনার্স-মাস্টার্সের গণ্ডি পেরিয়ে অবশেষে বিজেএস পরীক্ষায় বসলাম। শুরুতে বাচ্চা ও সংসার সামলে প্রস্তুতির জন্য সময় বের করতে পারিনি। কিন্তু মনের জেদটা তীব্র ছিল। শেষ পর্যন্ত ১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হলাম।”
নিজের সাফল্যের পেছনে স্বামী ও পরিবারের সহযোগিতার কথাও উল্লেখ করেন শারমীন। তিনি বলেন, “এই দীর্ঘ পথচলায় আমার স্বামী মো. আশাদুল হক ছায়াসঙ্গী হিসেবে সবসময় পাশে থেকেছেন। উচ্চশিক্ষার প্রতি আমার আগ্রহকে স্বামী ও শ্বশুরবাড়ির মানুষজন সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন।”
সংসার, মাতৃত্ব ও পড়াশোনার ভারসাম্য রেখে বিজেএসে সাফল্য অর্জনকে নিজের স্বপ্নপূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন শারমীন। সামনে বিচার বিভাগের দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এ ছাড়া ইবির আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সারাদেশে ২৬তম স্থান অর্জন করেছেন।