গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান।
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় নিজেকে বিকশিত করার জায়গা। এখানে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা রয়েছে। কে কোন পথে এগোবেন, সে সিদ্ধান্ত শিক্ষার্থীদেরই নিতে হবে। খেলাধুলা, উচ্চশিক্ষা, সরকারি চাকরি কিংবা অন্য কোনো ক্যারিয়ার—নিজেকে তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন পরিবারের দুর্ভোগের কারণ না হন।
তিনি আরও বলেন, আমার ধারণা ছিল গোপালগঞ্জ তথা এ বিশ্ববিদ্যালয় অনেক উন্নত হবে। তবে এখানে নানা ধরনের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে শিক্ষার্থীরা নিজেদের বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট রয়েছে, কোনো অডিটোরিয়াম নেই। নানা সংকটের মধ্যেও প্রতিষ্ঠানটি চলছে। তবে আমি এই বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এজন্য সব সংকট দূর করে আধুনিক ল্যাব প্রতিষ্ঠা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫৫ একরের সবুজ ক্যাম্পাসে নবীনদের স্বাগতম। তবে বিশ্ববিদ্যালয়কে আরও বড় পরিসরে নিয়ে যেতে কাজ চলছে। আমরা চেষ্টা করছি আগামীতে ২০০ একরের ক্যাম্পাস নির্মাণের, খুব শীঘ্রই তা কার্যকর হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ৩২টি স্থায়ী পদে শিক্ষক নিয়োগের অনুমতি পাওয়া গেছে। সামনে আরও নিয়োগের মাধ্যমে দ্রুত শিক্ষক সংকট দূর করার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান অসমাপ্ত কাজগুলো শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, র্যাগিংমুক্ত, নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। নবীন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।