× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট সংকটে খুবির ‘টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ’ কার্যক্রম স্থবির

খুবি প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরির লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নীতিমালা প্রণয়ন করে চালু করা ‘টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ’ (টিএ) কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে। গত ১৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক টার্ম শুরু হলেও ডিসিপ্লিনগুলোতে টিএ নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। ফলে চালুর এক বছরের মধ্যেই সম্ভাবনাময় এ উদ্যোগের কার্যক্রম থমকে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৮৯তম সভায় ‘পলিসি অন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতে একই বছরের ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখা থেকে প্রতিটি ডিসিপ্লিনে সর্বোচ্চ তিনজন করে টিএ নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়।

নীতিমালা অনুযায়ী, নিজ ডিসিপ্লিনের নিয়মিত স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে টিএ নির্বাচন করার নিয়ম চালু হয়। আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতকে সিজিপিএ ৩.৫০ নির্ধারণ করা হয়। তবে কলা ও মানবিক স্কুলের ডিসিপ্লিনগুলোর জন্য তা ৩.২৫। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি টার্মে সর্বোচ্চ ৩০ হাজার টাকা সম্মানীর বিনিময়ে সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘণ্টা টিউটোরিয়াল ক্লাস, ল্যাব পরিচালনা ও মূল্যায়নসহ বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালনের বিধান রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, নীতিমালা অনুমোদনের পর প্রথম দফায় বিভিন্ন ডিসিপ্লিন থেকে ৮২ জন শিক্ষার্থীকে টিএ হিসেবে মনোনীত করা হয়েছিল। পরে একজনের নিয়োগ বাতিল হলে ৮১ জনকে চূড়ান্তভাবে পদায়ন করা হয়। দ্বিতীয় দফায় আরও ৮৭ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে দুই দফায় ১৬৮ জন শিক্ষার্থী টিএ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

তবে বাজেট ও অর্থায়ন সংকটের কারণে কার্যক্রমটি থমকে আছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক আবু সালেহ মোহাম্মদ পারভেজ জানান, শুরুতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা অনুদানের অর্থ দিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হলেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তা অনুমোদন করেনি।

তিনি আরও বলেন, বর্তমান ইউজিসি প্রশাসন উদ্যোগটির প্রশংসা করে পুনরায় আবেদন করতে বলেছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছে। বছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ইউজিসির বরাদ্দ পেতে দেরি হলেও উপাচার্যের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গবেষণা তহবিল থেকে কার্যক্রমটি অব্যাহত রাখা হবে।

ইংরেজি ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ও সাবেক টিএ মিনহাজুল ইসলাম বলেন, খুবিতে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালু করার বিষয়টি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা করতে পারত, যা তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা কিংবা ক্যারিয়ারের জন্য অত্যন্ত সহায়ক হতো। কিন্তু হঠাৎ করে টিএ নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন বলেন, টিএ হিসেবে কাজ করা শিক্ষার্থীরা শিক্ষকদের একাডেমিক কাজে দক্ষতার সঙ্গে সহযোগিতা করেছেন। বিশেষ করে গবেষণা এবং ক্লাস-পরীক্ষাসংক্রান্ত রুটিন কাজগুলো তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিশেষ করে নতুন ডিসিপ্লিনগুলোর শিক্ষকদের ওপর বাড়তি কাজের চাপ পড়বে।

তিনি আরও বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে টিএ ব্যবস্থা ব্যাপকভাবে প্রচলিত। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি ভালো প্রস্তুতি ও গাইডলাইন তৈরি হয়। এ ধরনের একাডেমিক চর্চা বন্ধ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

সার্বিক বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, টিএ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কার্যকর পদক্ষেপ ছিল। তবে চলতি অর্থবছরে ইউজিসির বাজেট না থাকায় এ সেমিস্টারে টিএ নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এজন্য আমরা আলাদাভাবে বাজেট চেয়ে ইউজিসির কাছে আবেদন করেছি। তিনি আরও বলেন, যেহেতু কার্যক্রমটি একবার শুরু হয়েছে, তাই আমরা এটি চালু রাখার চেষ্টা করব—বর্তমান কাঠামোতে হোক কিংবা অন্য কোনো উপায়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা