চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা। এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন। উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই, অধ্যাপক সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। এই স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গত সোমবার তাকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং অপসারিত উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গত সোমবার রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।