হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪০ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন এবং ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (CADS)-এর নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন পদে দায়িত্বে থাকা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের মেয়াদ গত ১৪ সেপ্টেম্বর শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ গত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
অপর এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিসের (CADS) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়।
এতে আরও বলা হয়েছে, নবনিযুক্ত দুই শিক্ষক নিজ নিজ পদে সর্বোচ্চ দুই বছর দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে উপাচার্য প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন।