বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং, বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতি ও সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৯ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া র্যাগিংয়ের ঘটনায় বিভিন্ন বিভাগের আরও ৮০ শিক্ষার্থীকে কঠোর সতর্কতামূলক চিঠি প্রদান ও তাদের পরিবারকে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৯তম সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে এসব নেওয়া হয়।
বুধবার বিকেলে সিন্ডিকেটের অন্তত তিনজন সদস্য ও শৃঙ্খলা কমিটির একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসিপ্লিনারি বোর্ড সূত্র জানায়, চলতি বছরের ১০ মে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পর প্রক্টর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে ১৭-১৮টি বিভাগ থেকে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ আসে। এর মধ্যে ১০টি অভিযোগ তদন্ত করে ডিসিপ্লিনারি বোর্ড।
তদন্ত শেষে র্যাগিংয়ের দায়ে ১৫ শিক্ষার্থীকে দুই সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়। এ ছাড়া গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওনকে মারধর করার অভিযোগে এক জুনিয়র শিক্ষার্থীকে একই মেয়াদে (এক বছর) বহিষ্কারের সুপারিশ করা হয়। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের সভাপতির স্বাক্ষর নকলের অভিযোগে আরও তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে ডিসিপ্লিনারি বোর্ড।
একই সঙ্গে এই ১৯ শিক্ষার্থীর হলের আবাসিকতা বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের আবাসিক সুবিধার জন্য অযোগ্য ঘোষণা করার সুপারিশ করা হয়। বহিষ্কৃত ১৯ শিক্ষার্থী ছাড়াও তুলনামূলক কম সম্পৃক্ততা থাকায় আরও ৮০ শিক্ষার্থীকে কঠোর সতর্কবার্তা সংবলিত চিঠি দেওয়া এবং তাদের পরিবারকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক সিন্ডিকেট সদস্য জানান, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশগুলো সিন্ডিকেট সভায় এজেন্ডা আকারে তোলা হয় এবং পরে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগের মাত্রা কম থাকায় ৮০ শিক্ষার্থীকে সতর্কতামূলক চিঠি দেওয়া ও পরিবারকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের আরেক সদস্য জানান, ডিসিপ্লিনারি বোর্ড র্যাগিংয়ের অভিযোগগুলো তদন্ত করে সুপারিশ পাঠায়। যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, কেবল তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে স্বাক্ষর জালিয়াতিতে তিনজন এবং সিনিয়রকে মারধরের ঘটনায় একজনসহ মোট ১৯ জন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিসিপ্লিনারি বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমরা প্রায় ১৭-১৮টি বিভাগ থেকে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ও গুরুতর অভিযোগ পাওয়া গেছে, তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অভিযোগের মাত্রা অনুযায়ী ৮০ শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পরিবারকেও জানানোর সুপারিশ করা হয়েছে।”
প্রক্টর আরও বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন। তাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ। ফলে র্যাগিংয়ের নামে পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে র্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে শক্ত ও লঘু—উভয় ধরনের শাস্তি দিয়েছি। ফলে আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে র্যাগিং চলছে। বর্তমানে আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। আমাদের আরও কিছু অভিযোগের তদন্ত চলমান আছে।”