প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম
ইউআইইউ ক্যাম্পাসে বুধবার সকাল ১০টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিমকে (ইউএআরটি) সংবর্ধনা দেওয়া হয়। ফাইল ছবি
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতা ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬’-এ বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। প্রথমবার অংশ নিয়েই এমন সাফল্য অর্জন করায় দলটিকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউআইইউ ক্যাম্পাসে বুধবার সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় এবার ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ২১টি দল দুর্ঘটনার শিকার হলেও ইউআইইউর ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সফলভাবে তাদের মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি দল হিসেবে পোডিয়ামে জায়গা করে নিয়েছে ইউআইইউর এরিয়াল রোবোটিক্স টিম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বহিঃপ্রকাশ। বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন”।
তিনি বলেন, “গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইউআইইউর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরিতেও বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে”।
ইউআইইউর এরিয়াল রোবোটিক্স টিমের মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিয়াসাত আজিম বলেন, “বিশ্বে চতুর্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টার ফল”।
তিনি বলেন, “আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান, দলগত নেতৃত্ব এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে”।
এ অর্জনের জন্য ইউআইইউ কর্তৃপক্ষের সহযোগিতার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ইউআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অর্জনের তালিকায় ইউএআরটির এ সাফল্য নতুন সংযোজন। গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত প্রযুক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।