× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া শিক্ষিকার বদলি

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০২ পিএম

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া শিক্ষিকার বদলি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তিন ছাত্রীকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় আলোচিত রসায়ন বিভাগের অধ্যাপক নিলুফার সুলতানা বদলি হয়েছেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

নিলুফার সুলতানা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২৭ জুলাই রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা হল থেকে তিন ছাত্রীকে আটক করে পুলিশে খবর দেন তৎকালীন সহকারী প্রভোস্ট নিলুফার সুলতানা। তাদের কাছে ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র ও ইসলামিক বই পাওয়ার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার নথি ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, জঙ্গিবাদের অভিযোগে করা মামলাটি প্রায় এক দশক ধরে আদালতে চলতে থাকে। এ সময়ে তিন ছাত্রীকে জামিন ও সামাজিক নানা বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ ২০২৬ সালের ২৪ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।

ভুক্তভোগী তিন ছাত্রী হলেন—কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী কানিজ ফারহানা বাতুল, ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্রী আরজিনা আক্তার চম্পা ও সালমা আক্তার।

নিলুফার সুলতানার বিচার দাবি করে তারা বলেন, নয় বছর ৯ মাস ২৭ দিন ধরে মামলাটি চলমান ছিল। এ সময়ে কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি। দীর্ঘ সময়েও তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পারেনি। নিলুফার সুলতানা কুমিল্লা থেকে বদলি হয়ে যাওয়ার পর আমরা কি এই ঘটনার বিচার পাব?

অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক নিলুফার সুলতানার সঙ্গে একাধিকবার ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, তাদের জীবনে যা ঘটে গেছে, আমরা কি সেটা ফিরিয়ে দিতে পারব? ভাগ্য ভালো, সরকার পরিবর্তনের কারণে তারা মামলা থেকে মুক্তি পেয়েছে। আমাদের তদন্ত কমিটি বলেছে, এগুলো ইসলামিক বই, জঙ্গিবাদের বই নয়। অধ্যাপক নিলুফার সুলতানার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কলেজ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনো চিঠি দিয়েছে কি না—এ প্রশ্নে অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা