× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ মেধাশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুধবার আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুধবার আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণ মেধাশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, “আজকের নতুন যুগে এআই ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার ধরন বদলে গেছে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষায় যে বাজেট ও গুরুত্ব দিচ্ছে, তার সুফল পাবে তরুণ প্রজন্ম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমএএ) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) যৌথ উদ্যোগে বুধবার আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন শিক্ষার্থীকে ‘এমজিআই- এমএএ বৃত্তি’ দেওয়া হয়।

প্রত্যেক শিক্ষার্থী ২৪ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি পেয়েছেন। এমজিআই- এমএএ স্কলারশিপ’ শীর্ষক এক কোটি টাকার স্থায়ী তহবিলের আয় থেকে এ বৃত্তি দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়নে তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, “আমাদের দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় বা লিংকেজ থাকা দরকার, তা এখনো যথেষ্ট নয়। চীন বা উন্নত বিশ্বে দেখা যায়, বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের ভেতরেই কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকে। সেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হয় এবং কোম্পানিগুলো তাদের সরাসরি হায়ার করে।”

মন্ত্রী আরও বলেন, “আমাদের দেশেও এ ধরনের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ জোরদার করা প্রয়োজন, যেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মাত্রই আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ পায়। আমাদের তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা কোনো অংশে কম নয়।”

বাংলাদেশের সমুদ্রসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং প্রায় ৪০০ নটিক্যাল মাইলের মহীসোপান রয়েছে। বঙ্গোপসাগরের তলদেশের বিপুল খনিজ ও প্রাকৃতিক সম্পদ এখনও অব্যবহৃত।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালেই এই নীল জলরাশির সম্ভাবনা দেখিয়েছিলেন, যা বর্তমানে ‘ব্লু ইকোনমি’ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত বলেও দাবি করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “তোমরা বিশ্ব জয় কর, নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন কর, তবে দিনশেষে ফিরে এসো এই নিজ মাতৃভূমিতে।”

তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। নিজেদের মেধা, দক্ষতা ও দেশপ্রেম দিয়ে তোমরাই বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আর্থিক সমস্যার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য অ্যালামনাই ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি জানান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের জন্য এক কোটি টাকার স্থায়ী বৃত্তি তহবিল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা