হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১১ পিএম
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি আয়োজিত জাতীয় মেকানিক্যাল উৎসব ‘ক্লাচ কার্নিভাল ২.০’-এ সাফল্য অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
জাতীয় ক্যাড (SOLIDWORKS) প্রতিযোগিতায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী শরিফ ইবনে মিজান আল মাহমুদ চ্যাম্পিয়ন হয়েছেন। একই বিভাগের শিক্ষার্থী মো. মুতাসসিন বিল্লাহ শিহাব অর্জন করেছেন দ্বিতীয় রানারআপের পুরস্কার। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আয়োজক প্রতিষ্ঠান বিএইউএসটির শিক্ষার্থী তাওহীদ আহমেদ।
এদিকে, ‘আইডিয়াভার্স ২০২৬: এ ন্যাশনাল পোস্টার প্রেজেন্টেশন কনটেস্ট’-এ হাবিপ্রবি রিসার্চ সোসাইটির (এইচএসটিইউআরএস) পক্ষ থেকে তিনটি দল অংশগ্রহণ করে বিভিন্ন উদ্ভাবনী গবেষণা ও প্রকল্প উপস্থাপন করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের ২২ ব্যাচের জেরিন আক্তার জেবা, পদার্থবিজ্ঞান বিভাগের ২৫ ব্যাচের মোছা. জান্নাতুন নাঈমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ ব্যাচের মো. সাব্বির হোসেন ও আকাশ এবং কৃষি ও শিল্প প্রকৌশল (এআইই) বিভাগের ২৩ ব্যাচের নিশাত তাসনিম ও আফসানা আক্তার এরিন।