× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিপ্রবির বাসচালকের সঙ্গে সিএনজি চালকের বাকবিতণ্ডা, শিক্ষার্থীকে হুমকি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৫ পিএম

রাবিপ্রবির বাসচালকের সঙ্গে সিএনজি চালকের বাকবিতণ্ডা, শিক্ষার্থীকে হুমকি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চালকের সঙ্গে এক সিএনজি অটোরিকশাচালকের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা এক শিক্ষার্থী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের নিয়মিত সূচি অনুযায়ী বিকাল ৪টা ১৫ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি রাঙামাটি শহরের উদ্দেশে রওনা হয়। ডিসি কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশাচালক বাসচালককে উদ্দেশ করে গালাগাল করতে থাকেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি বাসটির সামনে সিএনজি দাঁড় করিয়ে চালকের দিকে তেড়ে যান। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সময় রাবিপ্রবির সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সিএনজি চালক তার দিকেও তেড়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ওই শিক্ষার্থীর কাছে তার ব্যাচ সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি নিজেকে একটি সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।

ঘটনার বিষয়ে বাসচালক কুতুব উদ্দিন বলেন, সিএনজি চালকটি অত্যন্ত বেয়াদবি করেছেন। আমি বনরূপা পুলিশ বক্সের সামনে থাকা এক কনস্টেবলের সঙ্গে কথা বলছিলাম। অন্যান্য গাড়ি চলাচলের জন্য রাস্তা ক্লিয়ার রেখেই পুলিশের সঙ্গে কথা বলছিলাম। পরে নিউমার্কেটের সামনে ওই চালক হঠাৎ আমার গাড়ির সামনে সিএনজি দিয়ে ব্যারিকেড দেন এবং অভিযোগ করেন, আমি নাকি তার গাড়িতে চাপ দিয়েছি। একপর্যায়ে তিনি আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসেন। আমাদের একজন শিক্ষার্থী তার ভিডিও করতে গেলে তার সঙ্গেও দুর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার।

রাবিপ্রবির শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসের চালকের সঙ্গে প্রকাশ্যে এ ধরনের আচরণ এবং একজন শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

রাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন বলেন, ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আমার টিমকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে বলব। প্রয়োজনে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বক্তব্যসহ অন্যান্য তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা