প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮ পিএম
ফাইনালে আইন বিভাগকে ১–০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ফাইল ছবি
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘সিইউবি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল লিগ- সিজন ওয়ান’ এ চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ১–০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট আটটি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো গ্রুপ পর্বে অংশ নেয়। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় সিএসই ও আইন বিভাগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে একমাত্র গোলের সুবাদে জয় পায় সিএসই।
টুর্নামেন্টজুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও পেয়েছে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের শারাফত চৌধুরী মাল্টিপারপাস হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ট্রফি হস্তান্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চৌধুরী জাফরউল্লাহ শারাফত।
অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দেরও দেওয়া হয় আনুষ্ঠানিক স্বীকৃতি।
আয়োজকরা জানান, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, দলগত দক্ষতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দলীয় সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে এ টুর্নামেন্টের মাধ্যমে।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন সিএসই বিভাগ, রানার্সআপ আইন বিভাগ এবং অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।