খুবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৫ পিএম
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ সাফল্য অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনকারী ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্পসহ অংশগ্রহণকারী নয়টি দলের টিম লিডারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ ফেয়ারে তিনটি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে বিজয়ী হিসেবে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ছিল ওই পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটি।
সংবর্ধিত নয়টি দল হলো—‘স্মার্ট হুইলচেয়ার’, ‘নিও সেভার’, ‘এআই-বেজড ক্যাম্পাস সিকিউরিটি’, ‘ব্লিস সিহাত’, ‘হাই ভোল্টেজ এনার্জি-এফিশিয়েন্ট থ্রিডি প্রিন্টার’, ‘ইকোলিংক’, ‘এআই-পাওয়ার্ড ইসিজি স্ক্রিনিং ডিভাইস’, ‘ট্রু-সাইট’ ও ‘আরবান আর্থ’।
উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি মিলেছে। শিক্ষার্থীদের একাডেমিক প্রতিযোগিতার পাশাপাশি উদ্ভাবন ও সৃজনশীলতার ক্ষেত্রেও নিজেদের স্বতন্ত্রভাবে তুলে ধরতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় উদ্ভাবন খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উদ্ভাবকদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে তা দেশের বাস্তব সমস্যা সমাধান ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ইনোভেশন ফেয়ারে ব্যক্তিগত ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনকারী ‘স্মার্ট হুইলচেয়ার’সহ সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর পেটেন্ট নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। এসব উদ্ভাবনকে আরও উন্নত, ব্যবহারোপযোগী ও প্রয়োজনে বাণিজ্যিকীকরণের উপযোগী করে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাদের সাফল্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, গবেষণার মূল লক্ষ্য মানবকল্যাণ। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। বর্তমান সরকার গবেষণা ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় ধরনের উদ্ভাবন বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান। এ ছাড়া সংবর্ধিত প্রকল্পগুলোর প্রতিনিধিরাও বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং সংবর্ধিত দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।