গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৭ পিএম
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য ট্রফি উন্মোচন করেন এবং নারী ও পুরুষ দলের অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভাপতি ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া কমিটির সভাপতি শাহ্ আলম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান, শিক্ষক, কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ক্রীড়া আয়োজন কমিটি ও শিক্ষকদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাম রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের খেলা চলাকালে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
গকসুর ক্রীড়া সম্পাদক শীতল আহমেদ বলেন, ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার চর্চায় সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। খেলার নিয়ম অনুযায়ী রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো সমস্যা হলে মাঠে থাকা ক্রীড়া কমিটির সদস্য ও ক্রীড়া সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁরা বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া কমিটির সভাপতি শাহ্ আলম বলেন, যে বিভাগের খেলা অনুষ্ঠিত হবে, ওই বিভাগের শিক্ষকদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফিফার নিয়ম অনুসরণ করে খেলা পরিচালিত হবে এবং রেফারির সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ মুখোমুখি হয়। ম্যাচে ৩-০ গোলে জয় পায় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ। এবারের আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে ছেলেদের ১৭টি এবং মেয়েদের ১৩টি দল অংশ নিচ্ছে। আগামী অক্টোবর প্রতিযোগিতার সমাপনী হবে।