× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের ‘নলেজ করিডোর’: প্রতিশ্রুতির আড়ালে প্রতারণা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) পরিচালিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় মাস্টার্স পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের প্রতিশ্রুত ‘সম্পূর্ণ অর্থায়িত’ (ফুললি ফান্ডেড) বৃত্তি বাস্তবে কেবল টিউশন ফি ও আবাসন মওকুফে সীমাবদ্ধ।

মাসিক ভাতা, খাদ্য বরাদ্দ, বিমান ভাড়া ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বাদ দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে প্রতিশ্রুতি প্রচার, সরকারি নীতিমালা ও বাস্তব অফার লেটারের মধ্যে বেশ কিছু গরমিল।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসেন- প্রায় ১৩ বছরের মধ্যে এটিই কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সে সময় দুই দেশ ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে, যার মধ্যে ছিল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াত, বাণিজ্য নিয়ে যৌথ কার্যকরী গোষ্ঠী গঠন এবং দুই দেশের পররাষ্ট্র সেবা একাডেমির মধ্যে সমঝোতা।

এই সফরের সঙ্গেই পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর নামের উদ্যোগ ঘোষণা করা হয়, যার আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি বরাদ্দের কথা বলা হয়, যার ২৫ শতাংশ চিকিৎসাবিজ্ঞান বিষয়ে সংরক্ষিত।

এর পাশাপাশি ১০০ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তাকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া এবং পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় বৃত্তির সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ২৫ করার ঘোষণাও দেওয়া হয়।

এই বৃত্তি কর্মসূচির আনুষ্ঠানিক নাম ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ ফর স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ’।

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, যা টিউশন, উপবৃত্তি, হোস্টেল ও মেস খরচ, সেটেলমেন্ট ভাতা, বিমান টিকিট এবং বই-স্টেশনারি খরচ কাভার করার কথা।

আবেদনের শেষ সময়সীমা ছিল ২০২৫ সালের ১৫ ডিসেম্বর, এবং ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এইচইসি বাছাই পরীক্ষা ও অনলাইন সাক্ষাৎকার আয়োজন করে বলে ওয়েবসাইটে উল্লেখ আছে।

নির্বাচিত প্রথম ব্যাচের বাংলাদেশি শিক্ষার্থীরা চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে পৌঁছান। সংখ্যায় তারা ৭৪ জন, যা পরবর্তী সময়ে সংসদে শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলনও নিশ্চিত করেন।

এ বছরের মে মাসে ঢাকায় ‘পাকিস্তান এডুকেশন এক্সপো ২০২৬’-এর মধ্য দিয়ে কর্মসূচির দ্বিতীয় ধাপ চালু হয়, যেখানে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং এতে বাংলাদেশের শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন। জুন মাসে একটি প্রতিনিধিদল পাকিস্তানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে, তখনো দ্বিতীয় ব্যাচের ভর্তি প্রক্রিয়া চলছিল বলে জানা যায়।

ঠিক এই দ্বিতীয় ধাপেই মাস্টার্স পর্যায়ের আবেদনকারীদের কাছে সমস্যাটি সামনে আসে। পরীক্ষা, সাক্ষাৎকার ও নির্বাচনের সব ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে অফার লেটার হাতে পাওয়ার পর তারা দেখেন, সেখানে কেবল টিউশন ফি ও হোস্টেল খরচ মওকুফের কথা বলা আছে.মাসিক ভাতা, খাদ্য বরাদ্দ, চিকিৎসা বিমা কিংবা বিমান ভাড়ার কোনো উল্লেখ নেই।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শুরু থেকেই বিজ্ঞপ্তি ও প্রচারে একে ‘ফুললি ফান্ডেড’ বলা হলেও শেষ মুহূর্তে ভিন্ন প্রস্তাব পাওয়া তাদের জন্য বিভ্রান্তিকর ও আর্থিকভাবে অনিশ্চিত। কারো কারো অভিযোগ, নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ের বদলে সম্মতি ছাড়াই অন্য প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছে, আবার ফলাফল ঘোষণার নির্ধারিত সময়সূচিও মানা হয়নি।

অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি চোখে পড়ে। এইচইসি-র নিজস্ব ওয়েবসাইটে ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’-এর আওতায় বৃত্তির স্তর হিসেবে কেবল স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ও পিএইচডি পর্যায়ের উল্লেখ আছে- মাস্টার্স পর্যায়ের কোনো উল্লেখ সেখানে নেই।

অথচ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক ঘোষণা এবং একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, এই ৫০০টি বৃত্তি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি- তিন স্তরেই ‘সম্পূর্ণ অর্থায়িত’ হিসেবে দেওয়া হবে।

এই ফারাক থেকে প্রশ্ন ওঠে- মাস্টার্স পর্যায়ের আবেদনকারীরা আদৌ মূল ‘ফুলি ফান্ডেড’ প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন, নাকি তাদের জন্য শুরু থেকেই ভিন্ন, কম সুবিধাযুক্ত একটি উপ-কাঠামো তৈরি করা হয়েছিল যা প্রচারের সময় গোপন করা হয়েছিল? এটাই শিক্ষার্থীদের ক্ষোভের মূল কারণ।

একাধিক নির্বাচিত মাস্টার্স শিক্ষার্থী জানিয়েছেন, মাসিক ভাতা ছাড়া বিদেশে থেকে পড়াশোনা চালানো কার্যত অসম্ভব- তাই কেবল টিউশন ও আবাসন মওকুফকে ‘সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি’ বলাটা বিভ্রান্তিকর বলে তারা মনে করেন।

হরিপুরের একটি প্রতিষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত এক শিক্ষার্থী জানান, তার অফার লেটারে জীবনযাপন ব্যয়, যাতায়াত, ভিসা ফি ও চিকিৎসা বিমা- সবই স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। আরেকজনের অভিযোগ, প্রায় সব মাস্টার্স আবেদনকারীই একই ধরনের সীমিত সুবিধার অফার পেয়েছেন, যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি সামগ্রিক প্রবণতা। কয়েকজন শিক্ষার্থী এ-ও বলছেন, ফলাফল ঘোষণায় বিলম্ব এবং তুলনামূলক কম র‌্যাংকিংয়ের বিশ্ববিদ্যালয়ে আসন বরাদ্দও তাদের হতাশা বাড়িয়েছে।

প্রকাশিত বিভিন্ন তথ্য ও সংবাদ বিশ্লেষণে জানা যায়, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনকে ব্যাখ্যা চেয়ে ১ সেপ্টেম্বর ইমেইল পাঠানো হলেও দুই সপ্তাহ পার হয়ে যাওয়া পর্যন্ত কোনো জবাব আসেনি।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর জানিয়েছেন, বিষয়টি যেহেতু এইচইসির এখতিয়ারভুক্ত, তাই তারা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছেন- তবে সপ্তাহখানেক পরেও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিভাগের সচিব নজরুল ইসলাম বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন।

একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত এমন একটি বিষয় যা মাসের পর মাস ধরে অভিযোগ আকারে জমা পড়ছে বলে জানা গেছে, অথচ তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরেই আসেনি- এমন দাবি অনেকের কাছেই বিস্ময়কর ঠেকেছে।

শিক্ষার্থীদের মূল দাবি স্পষ্ট- হয় শুরুতে ঘোষিত পূর্ণ সুবিধা বাস্তবায়ন করা হোক, নয়তো আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রকৃত শর্ত স্পষ্টভাবে জানানো হোক, যাতে মাসের পর মাস সময় ও শ্রম বিনিয়োগ করার পর শিক্ষার্থীদের এমন অনিশ্চয়তায় পড়তে না হয়।

সাবেক এক রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মনে করেন, যোগাযোগে কোথাও একটি ফাঁক থেকে গেছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খতিয়ে দেখা উচিত- যেহেতু বিষয়টি শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত, তাই একে গুরুত্ব দিয়ে সমাধান করা জরুরি।

আরেকজন সাবেক রাষ্ট্রদূত একে সরাসরি ‘প্রতারণা’ বলে অভিহিত করে মন্তব্য করেন, শিক্ষার্থীদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং অন্য কোনো দেশের সঙ্গে এমনটা ঘটত না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা