প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৫ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। ফলে দেশের প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এতে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে উপাচার্য দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতির সম্মতির পর এখন সমাবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতিতে গতি এসেছে। তবে সমাবর্তন বক্তা কে থাকবেন, কোন কোন গ্র্যাজুয়েট এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং নিবন্ধনসহ আয়োজনের বিস্তারিত কী হবেÑ এসব এখনও চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পর ২০১৭ সালের ১৭ জানুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় এক দশক পেরিয়ে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই সমাবর্তনে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটের অংশগ্রহণের প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।